২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লং মার্চ কীভাবে?: শামা ওবায়েদ

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লং মার্চ কীভাবে?: শামা ওবায়েদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 12:14 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

বিরোধীদলের লং মার্চ কর্মসূচিতে গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে।

“গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লং মার্চ কীভাবে হচ্ছে?”

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিরোধীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

বিএনপি সরকারের হাত ধরেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জ্বালানি পরিস্থিতির জন্য সরকারকে দায়ী না করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে।

“বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। দেশের মজুদ থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি”, বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।

সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে শামা ওবায়েদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো চলছে জানিয়ে তিনি বলেন, “দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা উচিত।”

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবার অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ এবং নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান উপস্থিত ছিলেন।