ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর-লুটপাট
হামলাকারীরা একটি বাড়ি থেকে ১২টি গবাদি পশু ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।
ঢাকায় ব্যাগ কারখানায় বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমদ।
ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এবং পাল্টা হামলার ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আতঙ্কে নারী ও শিশুদের নিয়ে গ্রাম ছেড়েছে বহু পরিবার।
নিহত আমির আলী (৪০) ওই গ্রামের রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁতমণ্ডল গ্রামের মহিদ আলীর ছেলে সুজন মিয়া এবং লাফিলুদ্দিনের ছেলে সাকিল ঢাকায় একটি ব্যাগ কারখানায় কাজ করেন। সম্প্রতি সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে মারমারির ঘটনা ঘটে।
ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা করতে বুধবার গ্রামের বাড়িতে দুই পক্ষের লোকজন সালিশে বসেন। সালিশ চলাকালে সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে আমির আলী আহত হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমিরের মৃত্যুর খবরটি এলাকায় ছড়ালে গ্রামে উত্তেজনা তৈরি হয়।
এক পর্যায়ে একদল লোক সাকিলের পক্ষের জালাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাট করা হয় বাড়ির জিনিসপত্র। এ ছাড়া জালালের বাড়ি থেকে ১২টি গবাদি পশু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আমির নিহতের পর কয়েক দফায় প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। আবারও হামলার ভয়ে বাড়ি ছেড়ে অনেকেই পালিয়েছেন।
দাঁতমণ্ডল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সুলতানা আক্তার বলেন, “আমির আলী নিহত হওয়ার পর তার আত্মীয়রা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। তারা আটটি গরু, চারটি ছাগলসহ দুই লাখ টাকা নিয়ে গেছে। এখনো হুমকি দিচ্ছে, আতঙ্কে আছি, বাড়িঘরে থাকতে পারতেছি না।”
হামলার অভিযোগ অস্বীকার করে আমির আলীর চাচাতো ভাই সুজন বলেন, “আমরা লাশ নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম। কে বা কারা লুটপাট ও ভাঙচুর করেছে তা আমরা জানি না।”
পুলিশ পরিদর্শক তানভির আহমদ বলেন, একটি পক্ষের অতি উৎসাহী হয়ে প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
