বরিশালে ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও এক নারী
নতুন করে আক্রান্ত হয়ে আরও ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়ে আরও ১৫০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃত ঝুমুর বেগম (৪০) বরগুনার বেতাগী উপজেলার সরিষামুরি গ্রামের বাসিন্দা আবু সালেহর স্ত্রী।
শ্যামল কৃষ্ণ বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা সদর হাসপাতালে ছয়জন করে এবং পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ২০৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৭২১ জন। আর ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।
তবে নতুন করে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ জন ডেঙ্গু রোগী বরগুনার সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, পটুয়াখালী সদর হাসপাতালে ১৫, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বরিশাল ও পিরোজপুর সদর হাসপাতালে সাতজন এবং ভোলা ও ঝালকাঠি সদর হাসপাতালে একজন করে ভর্তি আছেন।
