২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫

হামলাকালীরা সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমির সামনের সড়কের এ হামলার ঘটনায় নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে দায়ি করেছেন তারকেশ্বর। 

আহতদের মধ্যে তারকেশ্বরসহ তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর বলেন, “গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জেলা জজ আদালত সড়কের পাশে সমবায় ব্যাংক মার্কেটে সাম্যবাদী আন্দোলনের জেলা কার্যালয়টি জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল তার লোকজন নিয়ে দখল করেন। এ সময় কার্যালয়ে থাকা ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে যান তারা।”

এরপর থেকে তারা দলীয় কার্যালয়ে ঢুকতে পারছেন না বলেও দাবি করেছেন তারকেশ্বর।

এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করার উদ্দেশ্যে সোমবার ১০টা থেকে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সামনে বিএনপি নেতা আপেলের লোকজন তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন সাম্যবাদী আন্দোলনের এ নেতা।

তার অভিযোগ, হামলাকালীদের লাঠির আঘাতে তিনিসহ সাম্যবাদী আন্দোলনের জেলা শাখার সদস্য আল আহম্মদ চৌধুরী, আমেনা বেগম, মো. সেলিম ও অভি চক্রবর্তী আহত হয়েছেন। হামলাকালীরা সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

যদিও জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উল্টো সাম্যবাদী আন্দোলনের নেতার বিরুদ্ধে সমবায় ব্যাংক মার্কেটের কক্ষ দখলের পাল্টা অভিযোগ তুলেছেন।

সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে আবদুল মোতালেব আপেল বলেন, “সাম্যবাদী আন্দোলনের নেতা তারকেশ্বর দেবনাথ সমবায় ব্যাংকের দুটি কক্ষ দীর্ঘদিন থেকে দখল করে রেখেছিলেন। সম্প্রতি সমবায় ব্যাংকের লোকজন রুম দুটি দখলমুক্ত করে। সোমবার লোকজন জড়ো করে তারা (সাম্যবাদী আন্দোলনের লোকজন) আবারও রুমগুলো দখলের প্রস্তুতি নিচ্ছে বলে শুনেছি।”

হামলার ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে জানতে চাইলে এ বিএনপি নেতা বলেন, “মার্কেটর ওপরে আমার ব্যাবসা (আবাসিক হাটেল) আছে। আমি ওখানে কেন যাব? আমার কি দরকার পড়েছে।

“আসলে তারা নিজেরা নিজেরা মারামারি করে বিএনপি এবং আমাকে জড়ানোর চেষ্টা করছে। আমি নিজে বা বিএনপির কেউই এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।