সিলেটে নদীতে গোসলে নেমে ২৫ গুলিসহ এলএমজি পেল কিশোর
নদীতে গোসলের এক পর্যায়ে পরিত্যক্ত বন্দুকটি তার পায়ে লাগে বলে জানায় পুলিশ।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সবুড়ী নদীতে গোসলে নেমে এক কিশোর পরিত্যক্ত একটি এলএমজি উদ্ধার করেছে; যার ম্যাগাজিনে ২৫টি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার থেকে বন্দুকটি উদ্ধার করা হয় বলে জানান জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, দুপুরে স্থানীয় তাসিম হোসেন (১৬) নদীতে গোসলের সময় তার পায়ে ধাতব জাতীয় বস্তু লেগেছে বলে বুঝতে পারে। পরে পানি থেকে তুলে দেখে এটি একটি এলএমজি মেশিনগান। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানায় ওই কিশোর।
ওসি বদরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিসহ বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলএমজিটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”
