নেত্রকোণায় বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
কলমাকান্দা থেকে সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
নেত্রকোণা সদর উপজেলায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঠাকুরাকোনা বাজারে এ ঘটনা ঘটে বলে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান।
নিহত ২১ বছর বয়সী ইয়াসিন মিয়া সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।
ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, “কলমাকান্দা থেকে সিলেটগামী ‘সাগরিকা’ নামে বাসটি যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইয়াসিন মারা যান।
“পরে স্থানীয়রা আহত পাঁচ জনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়।”
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
