Published : 19 Mar 2026, 01:51 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার রাত ১টার দিকে মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী ঠাকুর চাঁন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।
আহতরা হলেন- নিহতের বাবা জনারদন ও রবিউল হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ছোট ফেনী নদীর খালে ঠাকুর চাঁনসহ তিন জন নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ঠাকুরের মৃত্যু হয়। বাকিরা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রবিউলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও জনারদনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।