নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান।
নিহত ইসলাম শেখ (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে; তিনি পেশায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
এর জের ধরে বিকালে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে কবরস্থান এলাকায় টিপু সুলতানের সমর্থকরা ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
