Published : 23 Jun 2026, 07:00 PM
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে ক্ষোভ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ভোরে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দ্বীন ইসলামের বাড়িও ওই গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এসপির ভাষ্য।
পুলিশ জানায়, বুধবার রাতে ৩৯ বছর ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে হত্যা করা হয়। পরদিন তার মা শেফালী বেগম লৌহজং থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা করেন।
মেনহাজুল আলম বলেছেন, “ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে হত্যা ও তার মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা-ডিবি, পদ্মা ও লৌহজং থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেখান থেকে দ্বীন ইসলামকে শনাক্ত করা হয়।”
“পরে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি নেভি-ব্লু রঙের ফুলহাতা শার্ট, একটি ফুলপ্যান্ট, এক জোড়া সাদা কেডস, একটি লাল গামছা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্বীন ইসলামের স্ত্রী ছিলেন নুপুর বেগম। তাদের সংসারে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় দেড় ছর আগে নুপুর আগের সংসার ছেড়ে সোহেল মুন্সীকে বিয়ে করেন। কিছুদিন আগে সোহেল ও নুপুরের সংসারেও একটি ছেলে সন্তানের জন্ম হয়।
এসপি মেনহাজুল আলমের ভাষ্য, “এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বীন ইসলাম সোহেল মুন্সীকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার রাতে তিনি সোহেলের বাড়িতে গিয়ে প্রথমে মোটরসাইকেলে আগুন দেন।
“আগুন দেখতে পেয়ে সোহেল মুন্সী ঘর থেকে বের হয়ে এলে চাপাতি দিয়ে তার গলায়, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি আহত হন। পরে সোহেলের মা ও স্ত্রী ঘর থেকে বের হয়ে এলে হামলাকারী পালিয়ে যান।”
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার মেনহাজুল আলম জানিয়েছেন।
আরও পড়ুন:
মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন