২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক্টর চাপায় বাইক আরোহী শিক্ষক নিহত, ৪ গাড়িতে অগ্নিসংযোগ

এ ঘটনার প্রতিবাদে চারটি ট্রাক্টর ও একটি ভেকু পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

নওগাঁ সদর উপজেলায় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। 

এ ঘটনার প্রতিবাদে ভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ভেকু পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. মুশফিকুর রহমান। 

নিহত রিমন হোসেন (৩০) উপজেলার কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি স্থানীয় কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশে মোটরসাইকেলে করে আড়চা গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘বিবিসি ইটভাটার’ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কে পাশে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকুতে (এক্সকাভেটর) আগুন দেয়। এ ছাড়া তারা সড়কে অবস্থান নিয়ে ইটভাটা বন্ধের দাবি জানান।

খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা ভেঙে দেওয়ার আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পরে ফায়ার সার্ভিস ও ইটভাটার কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, শিক্ষককে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক আছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।