সংসদে যাচ্ছেন মামা-ভাগ্নে
ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মামা-ভাগ্নে।
সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।
আর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে তার ভাগনে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুহিত প্রথমবারের মত জয়লাভ করেছেন। তিনি জাতীয় পার্টির সরকারের উপ-প্রধানমন্ত্রী ড. এম এ মতিনের ছেলে।
ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি।
এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতিকের প্রার্থী এম এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬টি।
