ফতুল্লায় ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক অপসারণ, নিহত ১
রেলিং ভেঙে ট্রাকের নিচে এক অটোরিকশা চালক চাপা পড়েন বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক রিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানা ওসি শরীফুল ইসলাম।
নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ।
ওসি শরীফুল বলেন, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে যায়। তবে ট্রাকটির পেছনের অংশটি ওভারপাসের উপরে ছিল। ঘটনার সময় বৃষ্টি পড়ছিল এবং ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক মোহর ওভারপাসের নিচে রিকশা থামিয়ে বসে ছিলেন।
“মোহর মাথায় গুরুতর আঘাত পাওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।”
ওসি বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তবে ঘটনার পরপর তারা ট্রাক রেখে চলে গেছেন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম।
আড়াইহাজারে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।
নিহত আরিফ (৩) ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।
ওসি নাসির উদ্দিন বলেন, “বাড়ির পাশের রাস্তা দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
