২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুটি হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুল শিক্ষক ও রিকশা চালক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বগুড়ায় দুটি হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে
আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরো, আরিফ, সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম ও মতিন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রফিকুল বারী আলাদা শুনানি শেষে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। 

রিমান্ড পাওয়ারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ এবং তানজিল ইসলাম।

বগুড়া গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুল শিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর আসামি আমিনুল, ডাবলু, আরিফ ও হিরোকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ ছাড়া ছাত্র আন্দোলনে রিকশা চালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম, ডাবলু, মতিন সরকার, হিরো ও তানজিলের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এর আগে বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে আছেন।