Published : 24 Jan 2026, 12:19 AM
যশোর-৩ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল থেকে লাঙল প্রতীকের প্রচার বাহনে হামলার অভিযোগ উঠেছে।
ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর পক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর শহরের বেজপাড়া তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
খবির গাজী বলেন, একটি অটোরিকশা বেজপাড়া তালতলা এলাকায় তার পক্ষে প্রচার কার্যক্রম চালাচ্ছিল। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা অটোরিকশনায় ঝুলানো লাঙল প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলেন।
খবির গাজী বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
জামায়াত ইসলামী যশোর জেলার নির্বাচন পরিচালক গোলাম কুদ্দুস বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। আমাদের মিছিল যাওয়ার পথে লাঙল প্রতীকের গাড়িটি রাস্তার ওপর ছিল। এসময় বাধা সৃষ্টি হলে আমাদের লোকজন গাড়িটি সরাতে বলে। কিন্তু না সরানোয় আমাদের এক কর্মী সরাতে গেলে টান লেগে ব্যানার কিছুটা ছিড়ে যায়।”
কোতয়ালি থানার ওসি বলেন, লাঙল প্রতীকের প্রচার গাড়িতে হামালার একটি অভিযোগ তারা পেয়েছেন। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বয়ক নজরুল ইসলাম অভিযোগটি করেছেন।