গোপালগঞ্জে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা
এতে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৭৯৮ ছাত্র-ছাত্রী অংশ নেয়।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার বাটিকামারী হাইস্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন আয়োজিত এ পরীক্ষা চলাকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদ আসিক কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মণ্ডল, হল কন্ট্রোলার নিরঞ্জন পাল এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ৭০ জন মেধাবীকে বাছাই করা হবে। প্রত্যেককে এককালীন মেধাবৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে।
চার বছর ধরে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম হয়ে আসছে। লেখাপড়ার গুণগতমান বৃদ্ধিতে ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভবিষ্যতে এমন বৃত্তি প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
