২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

বরিশালে কিশোর অবস্থায় শিশু ধর্ষণের দায়ে যুবক বয়সে দেওয়া হয়েছে যাবজ্জীবন আটকাদেশ। 

সোমবার বরিশালের শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল  ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান। 

এছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

আসামি রুম্মান সরদার জেলার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের বাসিন্দা। 

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, “মামলার সময় আসামি রুম্মান সরদারের বয়স ছিল ১৬ বছর। রায় ঘোষণার সময় তার বয়স ২৯ বছর হয়।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১১ সালের ২৬ নভেম্বর দুপুরে ওই গ্রামের তিন বছর বয়সি শিশুকন্যা বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল। 

এক পর্যায়ে ওই শিশু পাশের রুম্মান সরদারের বাড়িতে যায়। 

মেয়ে শিশুটির সঙ্গে থাকা আরেক ছেলে শিশুকে টাকা দিয়ে দোকান থেকে খাবার কিনতে পাঠিয়ে দেন রুম্মান। পরে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি সংজ্ঞা হারিয়ে ফেলে। তখন প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেয়ে এগিয়ে এলে রুম্মান পালিয়ে যান।  

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রুম্মানকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করে।  

উজিরপুর মডেল থানার তৎকালীন এসআই আশীষ পাল ২০১২ সালের ৫ জানুয়ারি রুম্মানের নামে আদালতে অভিযোগপত্র দেন। 

নয়জনের সাক্ষ্য নিয়ে সোমবার আদালত এ রায় দিল।