১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাই-ভাতিজাসহ গ্রেপ্তার ৪

এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে; যার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাই-ভাতিজাসহ গ্রেপ্তার ৪
বরিশালের মুলাদী থানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 09:58 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই ও ভাতিজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনার পর রাতেই তাদের গ্রেপ্তার করা হয় বলে মুলাদী থানার ওসি কে এম মাসুদ রানা জানিয়েছেন।

এ ঘটনায় করা মামলায় সোমবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

নিহত আনোয়ার হোসেন ঢালী (৫৫) ওই গ্রামের প্রয়াত হাচেন ঢালীর ছেলে। 

গ্রেপ্তাররা হলেন- আনোয়ারের চাচাতো ভাই মোস্তফা ঢালী, ছেলে ইমরান ঢালী, সহযোগী আবু হাওলাদার এবং আবুল ফজল রমজান। 

এ ঘটনায় রাতেই আনোয়ারের স্বজন রেজাউল করিম সরদার বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন; যার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে ওসি মাসুদ রানা বলেন, আনোয়ার ঢালীর জমি তার চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড় করে দখলে রেখেছে। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমিতে ধান চাষ করার কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

“বিকালে আনোয়ার ঢালী নিজ বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে যান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত থেকে আটজন লোক লাঠিসোঁটা নিয়ে আনোয়ারের ওপর হামলা করে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে চলে যান হামলাকারীরা”, বলেন তিনি। 

ওসি বলেন, পরে বাজারের লোকজন আনোয়ারকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক অবস্থা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার মারা যান।

ওসি মাসুদ রানা বলেন, মামলায় হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সোমবার আদালতে আবেদন করা হয়। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।