১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় হাঁসুয়ার কোপে যুবকের মৃত্যু, স্ত্রী ও সৎ ছেলে আটক

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 10:55 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বগুড়ার কাহালু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ।  

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। 

নিহত ৩০ বছর বয়সী মিলন ওরফে টাইগার মিলন কাহালুর পালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা বলছেন, মিলন প্রায় ৮-৯ বছর আগে জামতলা গ্রামের চার সন্তানের জননী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস শুরু করেন।

মেঘনার প্রথম ঘরের সন্তান ২২ বছর বয়সী শামীম হোসেন কোনভাবেই তার সৎ বাবা মিলনকে মেনে নিতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।

ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, “বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জেরে মিলনকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন শামীম।

“গুরুতর অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।”

পরে রাত সাড়ে ১০টার দিকে মেঘনা বেগম এবং তার ছেলে শামীম হোসেনকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতের মরদেহ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনার তদন্ত চলছে।