গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের ৪ যাত্রীর মৃত্যু
এ ঘটনায় বাস ও ইজিবাইকের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাস ও ইজিবাইকের অন্তত ১৫ যাত্রী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম।
নিহতরা হলেন- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) এবং ইয়ার আলী (৪০) ও হাসান শেখ (২৬)।
নিহতরা সবাই মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বরাইতলা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক টেকেরহাট যাচ্ছিল। পথে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে অতিক্রম করতে যায়।
এ সময় বিপরীত দিকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ইয়ার আলী এবং হাসান শেখ মারা যান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি; তবে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম।
