চাঁদপুরে কভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত কিশোর
ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোরের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান।
নিহত সাগর সাহা (১৮) হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের শম্ভু সাহার ছেলে।
আহত আরেক আরোহী ইজাজ মিয়া (২০) একই এলাকার ইমরান মিয়ার ছেলে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রামগঞ্জ থেকে ছেড়ে আসা কভার্ড ভ্যানের সঙ্গে হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়।
পরে স্থানীয়রা আহত ইজাজকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিতে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক।
ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
