২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরেক শিশুর মৃত্যু

গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ শিশুর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 01:18 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ১১টার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা। 

মারা যাওয়া ছেলে শিশুটি ১০ মাস বয়সী। শিশুটি জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। গত ১৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৭৪৮ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ শিশুর। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৪৭ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬৫ শিশু। 

সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “এবার হামের প্রকোপ বাড়ার কারণ হচ্ছে বিগত সরকারের সময় টিকা না দেওয়া। যার ফলে একেবারে শিশুরা বেশি হারে আক্রান্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত বাড়ছে। মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আক্রান্ত শিশুদের দেরি করে হাসপাতালে আনা।”