Published : 17 Oct 2024, 08:19 PM
চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের সরবরাহ সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকায় গ্রাহকদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এই ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন ছয় লক্ষাধিক গ্রাহক।
পরে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সমিতির কর্মকর্তারা। এরপর ৬টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েক মাস থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। এ সময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগও করেন।
তাদের অভিযোগ, বোর্ডের কর্তারা সমিতির কর্মকর্তা-কর্মচারীদের শোষণ, হয়রানি ও নিপীড়ন করছেন। সমিতির লোকজনের উপর কর্তৃত্ব করছেন তারা। এই বলয় থেকে মুক্তি পেতে চায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তার জন্যই ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি করা হয়েছে।