২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিজিবির ক্যাম্পে ভাঙচুর-লুটপাটের মামলায় আসামি ৪০০

মামলায় বলা হয়, ৩০০-৪০০ দুষ্কৃতকারী ৬ অগাস্ট সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 08:39 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বিজিবি ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

শনিবার সকালে ওই ক্যাম্পের সুবেদার মো. গোলাম কবির মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার। 

মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই সুযোগে স্থানীয় ৩০০-৪০০ দুষ্কৃতকারী ও চোরাকারবারি ৬ অগাস্ট সন্ধ্যা ছয়টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। 

এ সময় হামলাকারীরা বিজিবির হাতে জব্দ চিনি, চা পাতা, পাতার বিড়িসহ অবৈধ মাল ও মালামাল বহনে ব্যবহৃত জব্দের গাড়ি ও বিজিবি সদস্যদের জিনিসপত্র লুটপাট করে।  

বাধা দিলে হামলাকারীরা বিজিবি সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবি ক্যাম্পের কর্মরত অনেকে আহত হন। 

এছাড়া হামলাকারীরা ক্যাম্পের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে সরকারি সম্পত্তির বিপুল ক্ষতিসাধন করে বলে মামলার এজাহারে বলা হয়। 

মামলার বাদী সুবেদার গোলাম কবির বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পে সংঘটিত ঘটনায় থানায় মামলা করেছি।”