১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে, বলছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক বৃদ্ধর প্রাণ গেছে। এছাড়া কর্ভাড ভ্যান ও পিকআপ ভ্যানের ধাক্কায় আরও দুজন নিহত হয়েছেন।  

রোববার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজারে এবং শনিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ওই মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মঈনউদ্দিন খাঁর ছেলে সরোয়ার খাঁ (৯০), মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মানিক কুমার পালের ছেলে বিপুল কুমার পাল (৫২) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ পরিবহনের হেলপার শাওন শেখ (১৮)।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

টুকুবাজারে সড়ক দুর্ঘটানর প্রতিবাদে ও বিচারের দাবিতে ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।  

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা বলেন, “সরোয়ার খাঁ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আত্মীয় বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। পথে টুকুবাজারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাসের চাপায় মারাত্মক আহত হন তিনি।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবিনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।”

তিনি বলেন, গোপীনাথপুরে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমনকে ঢাকাগামী একটি কর্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী বিপুল কুমার পাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে কর্ভাড ভ্যান সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছিল। রাস্তা বন্ধ থাকায় সেখানে একটি পিকআপ ভ্যান দাড়িয়ে ছিল ।

“এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে সাজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেলপার শাওন শেখ ঘটনাস্থলে নিহত হয়।”

দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে এসআই রোমান মোল্লা জানান।