বেনাপোল দিয়ে ভারত যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পুলিশ জানায়, ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কিশোর আদিল হত্যা মামলার আসামি।
বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত কিশোর আদিল হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ভিসা নিয়ে বৃহস্পতিবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার।
গ্রেপ্তার রুস্তম খন্দকার (৫৬) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ১২/১ লালপুর পৌযারপুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল নিহত ও তার চাচাতো ভাই আপন আহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান, অয়ন ওসমানসহ ১৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
গত ২৯ অগাস্ট রাতে আদিলের চাচা নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ জানায়, মামলায় রুস্তম খন্দকার ১৭১ নম্বর আসামি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক বলেন, হত্যা মামলার আসামি রুস্তমের এ পথ দিয়ে ভারতে যাওয়ার গোপন খবরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সতর্ক ছিল।
ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় পুলিশ ও বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি নিজের পরিচয় দেন।
পরে তাকে আটক করে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।
ওই থানার ওসি রাসেল মিয়া বলেন, রুস্তমকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে।
