Published : 16 Nov 2025, 11:15 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব়্যাবের অভিযান টের পেয়ে এক ‘মাদক কারবারির’ এলোপাথাড়ি গুলিতে এক নারী আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
রোববার বিকালে পশ্চিম মাসদাইরে এ ঘটনায় বুকে গুলিবিদ্ধ নারী জবা আক্তার (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
আহত জবার স্বামী রহিম উদ্দিন বলেন, তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। হঠাৎ গুলিটি তার বুকে এসে লাগে।
পুলিশ বলছে, যার বিরুদ্ধে গুলি করার অভিযোগ সেই ‘মাদক কারবারি’
মো. জাহিদ (২৫) মাসদাইর এলাকার চিহ্নিত ‘সন্ত্রাসী’ ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক বিক্রির অভিযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
গত শনিবার বিকালে কুপিয়ে জখম করার এক ঘটনায় র্যাব রোববার বিকাল জাহিদ ও তার সহযোগীদের ধরতে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। র্যাবের অভিযান দল ঘটনাস্থলে যাওয়ার আগে এ ঘটনা ঘটে।
ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “শনিবারের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ব়্যাবের সোর্স কাজ করছিল। সোর্স তার অবস্থান নিশ্চিত করে আমাদের তথ্য জানান। এ নিয়ে ব়্যাবের একটি দল অভিযান চালানোর উদ্দেশে রওয়ানা হয়।
“কিন্তু কোনোভাবে সোর্সের পরিচয় ফাঁস হওয়ায় অভিযুক্ত সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি ছোড়ে, যা গিয়ে এক নারীর গায়ে লাগে।”
ঘটনার কিছুক্ষণের মধ্যেই ব়্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হলেও যারা গুলি ছোড়েন তারা ততক্ষণে পালিয়ে যান বলে যোগ করেন ব়্যাবের ওই কর্মকর্তা।
ফতুল্লা থানার ওসি আনোয়ার বলেন, যার বিরুদ্ধে অভিযোগ সেই জাহিদকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এর আগে শনিবার বিকালে মাসদাইর এলাকায় জাহিদ ও তার সহযোগীরা নাহিদুর রহমান পারভেজ নামে কৃষকদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ ওঠে।
ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ করেন কৃষকদলের ওই নেতা।
এ হামলার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।
ওসি বলেন, শনিবারের হামলা ও রোববারের গুলি ছোড়ার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।