স্ত্রীর সঙ্গে ঝগড়ার ৩ দিন পর ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার
সাইদুর রহমান রয়েল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুঁটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে ফুলবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানান।
নিহত সাইদুর রহমান রয়েল (৪৫) উপজেলার পুঁটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি দাওসা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আব্দুস সোবাহানও চেয়ারম্যান ছিলেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রয়েল প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।
গত বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বেঁধে রাখেন চেয়ারম্যান রয়েল। পরে পরিবারের লোকজন এসে নাসিমাকে নিয়ে যায়।
বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের বাসার দরজা এবং তার ফোন বন্ধ পান স্বজনরা। শনিবার সকালে চেয়ারম্যানের বোন তাকে খোঁজতে বাসায় যান। ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বেলা ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি রুকনুজ্জামান বলেন, “ধারণা করা হচ্ছে, দুই দিন আগে আত্মহত্যা করেছেন চেয়ারম্যান। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
