Published : 05 Sep 2025, 08:36 PM
কুড়িগ্রাম সদর উপজেলায় গাছ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সাপটি বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলংয়ের বাড়ির খোকসার গাছে সাপটি পাওয়া যায় বলে জানান কুড়িগ্রাম বন বিভাগের সেবাকর্মী আশরাফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, সকাল ৭টার দিকে ১৩ বছরের বাবু গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার পথে অজগর সাপটি দেখে চিৎকার করে। তার চিৎকার আশে-পাশের লোকজন ছুটে যায়। সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছে উঠে পড়ে।
দ্রুত এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। সাপটি এক নজর দেখতে দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সের শত শত মানুষ ছুটে আসেন।
কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন বলেন, ওই এলাকায় বন-জঙ্গল না থাকলেও বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নদীর দূরত্ব অনেক আর এবার বন্যাও হয়নি। এমন অবস্থায় আজগরের উপস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে ‘গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের’ প্রধান আব্দুর রশীদের নেতৃত্বে কয়েকজন স্বেচ্ছাসেবী গাছ থেকে সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি বস্তায় ভরে তাদের কার্যালয়ে নেওয়া হয়।
আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান আব্দুর রশীদ।
বন বিভাগের কর্মী আশরাফুল ইসলাম বলেন, ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর। শীঘ্রই নিরাপদ স্থানে সাপটি অবমুক্ত করা হবে।