উপকূলীয় জেলাগুলো নিয়ে আলাদা বোর্ড গঠনের দাবি চিফ হুইপের
“দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলেই আছে। এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।
উপকূলীয় জেলাগুলো নিয়ে আলাদা মন্ত্রণালয় বা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি কথা জানান।
চিফ হুইপ বলেন, “সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটি মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে কাজ করছেন। আমি তার কাছে বলেছি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাত্র তিনটি জেলা নিয়ে। অথচ কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত সব জেলাই সাগরপাড়ের অঞ্চল।
“দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলেই আছে। এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। বিদ্যুৎ উৎপাদন, পর্যটনশিল্প গড়ে তোলা, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ডিপ সি পোর্ট নির্মাণেরও সুযোগ রয়েছে।”
এর আগে বুধবার রাতে সরকারি সফরে বরগুনায় আসেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক সভায় অংশ নেন।
নুরুল ইসলাম মণি বলেন, “মন্ত্রণালয় করা সম্ভব না হলেও উপকূলীয় জেলাগুলো নিয়ে একটি ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হলে আমরা অনেক বেশি বরাদ্দ আনতে পারব।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। দেশকে দুভাগ করেননি, চেতনা বিক্রি করেননি। কিন্তু বিগত দিনে এ দেশের মানুষ চেতনা বিক্রি করতে করতে নিজেরাই বিক্রি হয়ে গেছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ফলে এ দেশের মানুষ বঞ্চিত হয়েছে।”
