১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় সমাবেশ থেকে ফেরার পথে ইসলামী আন্দোলন নেতা নিহত, সড়ক অবরোধ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি থেকে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেছে তার।

বরগুনায় সমাবেশ থেকে ফেরার পথে ইসলামী আন্দোলন নেতা নিহত, সড়ক অবরোধ
নিহত রেজাউল করিম।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 11:49 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

বরগুনার আমতলীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি থেকে ফেরার পথে বাসচাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার প্রাণ গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনার পর সড়ক আটকে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। তাদের তিন ঘণ্টা অবরোধে ব্যাপক যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নিহত রেজাউল করিম ইসলামী আন্দোলনের আমতলীর গুলিশাখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক। তিনি আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক ছিলেন।

আমতলী ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী বাইজিদ বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলের মিছিল-সমাবেশের কর্মসূচি ছিল। বিকালে সেই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সন্ধ্যার আগে কর্মসূচি শেষ হয়। তখন মোটরসাইকেলে করে রেজাউল বাড়ি ফিরছিলেন। পথে কুয়াকাটাগামী ছন্দা পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গী আব্দুল হক মল্লিক আহত হন।

গাজী বাইজিদ বলেন, খবর পেয়ে ইসলামী আন্দোলনে নেতাকর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করেন। এতে প্রায় ৫ কিলোমিটার যানজট তৈরি হয়। রাত পৌনে ৯টার দিকে বাসটি আটকের খবরে অবরোধ তুলে নেওয়া হয়।

আহত আব্দুল হক মল্লিক বলেন, “বেপরোয়া গতিতে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমি সামান্য আহত হয়েছি।”

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বাস ও স্টাফদের মহিপুর থানায় আটক রাখা হয়েছে। অবরোধ তুলে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।