২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর বক্তব্য’, এনসিপি নেতা কারাগারে

আনোয়ারকে রায়পুরের সোনাপুর গ্রামের বাড়ি থেকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে দেয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে ‘মানহানিকর বক্তব্য’ প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেনকে উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে হস্তান্তর করে।   

রোববার দুপুরে সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে রুহুল আমিন এনসিপি নেতা আনোয়ার হোসেনসহ আটজনের বিরুদ্ধে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। 

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান। 

আনোয়ার হোসেন উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার তার ফেইসবুক আইডিতে প্রচার করেন। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা করা হয়। এসব ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

এর কারণ জানতে চাইলে আনোয়ারসহ আসামিরা বাদীর ওপর হামলা করে। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় বলা হয়। 

মামলার বাদী যুবদল নেতা রুহুল আমিন মিঝি বলেন, “কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলার কারণ জানতে চাইলে আসামিরা আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় মামলা করেছি।” 

এনসিপি জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব আলমগীর হোসাইন বলেন, “প্রায় দুই হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। এখন আবার তার নামে মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তার ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক।” 

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মামলায় আনোয়ারের ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুর নাম দিয়ে অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়।