২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা, গৃহকর্তা ও ছেলে আহত

কলার দোয়ানিয়ায় এ ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির সময় এলাকাবাসী ও ডাকাতদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

রোববার ভোর রাতে উপজেলার কলার দোয়ানিয়ায় এ ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান। 

নিহত ব্যক্তির নাম দুলাল। তিনি বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাঢ়ীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৫টি মামলা আছে।

এ ঘটনায় গুরুতর আহত কলার দোয়ানিয়ার উজ্জ্বল বাহাদুর (৫১) এবং তার ছেলে মিশকাফ বাহাদুরকে (১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতজনের একটি দল ডাকাতির জন্য উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা উজ্জ্বলকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। 

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এতে ডাকাত দলের বাকি ছয় সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। একজনকে ধরে পিটুনি দেয় জনতা। ডাকাতের হামলায় উজ্জ্বল ও তার ছেলে আহত হন।   

পরে তিনজনকে লোকজন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান বলেন, আহত উজ্জ্বল ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, উজ্জ্বল বাহাদুর একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা বাড়িতে ঢুকেছিল। ডাকাতি ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।