১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফতুল্লায় তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নিহতের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে একদল লোক।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা ইউনিয়নের পশ্চিম দেওভোগের নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে। রায়হান পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ওসি আব্দুল মান্নান বলেন, রায়হানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলাও রয়েছে।

তিনি বলেন, “রায়হান স্থানীয়দের কাছ থেকে প্রায় টাকা-পয়সা চাঁদা নিতেন। মাদক ব্যবসায় বাধা দিলে হামলার শিকার হতেন। বাড়ির ভাড়াও ঠিকমতো দিতেন না। এ নিয়ে স্থানীয়রা তার প্রতি ক্ষুব্ধ ছিল। 

“সকালে স্থানীয় এক গ্যারেজ মালিকের কাছ থেকে টাকা চাওয়া নিয়ে তর্ক হয় রায়হানের। এরপর লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।”

খবর পেয়ে পুলিশ তিন রাস্তার মোড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের মুখমণ্ডল থেতলানোর পাশাপাশি শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি আব্দুল মান্নান।

তবে মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজনও তাকে মারধরে অংশ নেন বলে দাবি একাধিক প্রত্যক্ষদর্শীর।

ওসি বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো দ্বন্দ্ব কাজ করেছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।