২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘১০ টাকায় সিম’ কিনে এখন প্রতারণার মামলার ভয়

নিজের নামে নিবন্ধিত সেই সিম অন্যরা ব্যবহার করে বিকাশে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 09:46 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাত্র ১০ টাকায় সিম কিনে এখন বিপাকে পড়েছেন কয়েকজন নারী। তাদের নামে নিবন্ধিত সিম অন্যরা ব্যবহার করে বিকাশে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মামলার ভয়ে আছেন তারা।

বৃহস্পতিবার এ তথ্য জানান কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান।

উপজেলার ফুকরা গ্রামের আসমা বেগম কয়েকদিন আগে ফেরিওয়ালাদের কাছ থেকে ১০ টাকায় একটি সিম কিনেন। নিজের এনআইডি দিয়ে সিমটি নিবন্ধনও করেন। 

কিন্তু সিমটি চালু না হওয়ায় বিক্রেতারা নেটওয়ার্ক সমস্যার কথা বলে সেটি চালু করে দেওয়ার জন্য নিয়ে যান। পরে আর সিমটি ফেরত দেননি। এমনকি সিমের দামও নেননি তারা।

এ ঘটনার কয়েকদিন পর স্থানীয় গ্রাম পুলিশ কামরুল ইসলামের কাছে বরিশাল থানা থেকে ফোন করে বলা হয়, এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়া হয়েছে। ওই ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের তথ্য খুঁজে আসমার নাম ও ঠিকানা পাওয়া গেছে।

বিষয়টি জানার পর আসমা ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিজের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে প্রতারণা করেছে বলে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন।

আসমা বলেন, “আমি কোনো ধরনের বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত না। আমি সহজ-সরল মানুষ। কম দামে পেয়ে নিজের ব্যবহারের জন্য সিমটি কিনেছিলাম। এখন জানতে পারছি, আমার নামে নিবন্ধিত নম্বর দিয়ে প্রতারণা করা হয়েছে। এতে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।”

পুলিশ জানায়, আসমা ছাড়াও একই গ্রামের রোকেয়া বেগম, নূপুর খানমসহ আরও কয়েকজন নারী একই ধরনের অভিযোগ করেছেন। তাদেরও কম দামে সিম বিক্রির পর নিবন্ধন করে সেগুলো চালু করে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

তাদের অভিযোগ, সিমগুলো নিয়ে যাওয়ার পর আর ফেরত দেওয়া হয়নি। পরে ওই নম্বরগুলো ব্যবহার করে বিকাশে প্রতারণার অভিযোগ ওঠে।

গ্রাম পুলিশ কামরুল ইসলাম বলেন, বরিশাল থানা থেকে ফোন করে আসমা বেগমকে চেনেন কি-না এবং তিনি বিকাশ প্রতারণা করেন কি-না, জানতে চাওয়া হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, কয়েকজন নারী ফেরিওয়ালাদের কাছ থেকে সিম কিনেছিলেন। নেটওয়ার্ক সমস্যার কথা বলে সেগুলো বিক্রেতারা নিয়ে গেছেন।

ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।