ইলিশ নিয়ে বাড়ি ফেরা হল না ফয়সালের
ধান বোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
লক্ষ্মীপুর সদরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ধান বোঝাই ট্রাকের চাপায় ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই ইয়াকুব আলী জানান।
নিহত ফয়সাল হোসেন (৩০) সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
তিনি কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ব্র্যাক এনজিও শাখার কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অফিস শেষে মোটরসাইকেলে কর্মস্থল থেকে ফয়সাল বাড়ি ফিরছিলেন। মিয়ারবেড়ী বাজারে পৌঁছলে একটি ধানবাহী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের নিচেই পড়েছিল তার মরদেহ। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বাড়ির জন্য কেনা ইলিশ মাছ।
ফয়সালের বন্ধু আবুল হাসান সোহেল বলেন, “পরিবারের লোকজনসহ আমরা ঘটনাস্থল এসেছি। এটি ভয়ানক ঘটনা ছিল। বাড়ির জন্য তার কেনা মাছগুলো রাস্তায় পড়ে আছে।”
এসআই ইয়াকুব আলী বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
