কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ভ্যানযাত্রী ননদ-ভাবির মৃত্যু
বাড়ি ফেরার পথ বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। যারা সম্পর্কে ননদ ও ভাবি।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের প্রয়াত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বেলা পৌনে ১১টার দিকে নিজ বাড়ি থেকে ছবেলা খাতুন ও মরিয়ম ভ্যানে করে মশান বাজারে যান। একই ভ্যানে সেখান থেকে তারা বাড়ি ফিরছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ওই দুই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দুই নারীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রলিসহ চালকে আটক করা হয়েছে।
