লুটের উদ্দেশ্যে গ্রামে হানা, সেনাবাহিনী দেখে ১১ বাইক ফেলে চম্পট
নলডাঙ্গা থানার ওসি বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করতে কাজ করছে সেনাবাহিনী।
নাটোরের নলডাঙ্গায় লুটের উদ্দেশ্যে গ্রামে হানা দেওয়ার চেষ্টার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি বাইক ফেলে পালিয়ে যায় একদল ব্যক্তি।
রোববার দুপুরে উপজেলার পচার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, নলডাঙ্গা থানার ওসি মোহা. মনোয়ারুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “রোববার দুপুরে ২০-২২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে পচারমোড় এলাকার একটি গ্রামে লুটপাটের চেষ্টা চালায়। তখন এলাকাবাসী সেনাবাহিনীর টহল দলকে বিষয়টি জানায়।
খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী সেখানে গেলে সশস্ত্র দলটি ১১টি বাইক রেখে দিগ্বিদিক পালিয়ে যায়।
“পরে সেনাবাহিনীর সদস্যরা ফেলে যাওয়া বাইকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে।”
সশস্ত্র দলটিকে চিহ্নিত করতে সেনাবাহিনী কাজ করছে বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।
