চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল ব্যবসায়ী নিহত
ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজ্জাককে চাপা দেয় বলে জানায় পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পশুহাট টাইগার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান।
নিহত আব্দুর রাজ্জাক (৪৫) উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করে আসছিলেন।
ওসি মাসুদুর রহমান বলেন, দুপুরে একটি ট্রাক পশুহাট থেকে টাইগার মোড়ের দিকে যাচ্ছিল। পথে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, ঘটনার পরপর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মাসুদুর রহমান।
