Published : 27 Jul 2026, 08:23 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।
রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত রায়ান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা একলাস মিয়ার ছেলে।
হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬০৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়।