কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
“মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে,” বলেন ওসি মহিনুল ইসলাম।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কাঁটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
নিহত যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।”
স্বানীয়দের ধারণা, মাদক কারবারসংক্রান্ত বিরোধের জেরে মহরমকে হত্যা করা হয়েছে।
মহরমের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন মহরম ও তার বন্ধু অপু। কাটাবিল মসজিদের সামনে এলে ২০ থেকে ২৫ জনে তাদের ওপর হামলা করে।
শহিদুলের ভাষ্য, হামলাকারীরা মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
“সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। সেখান থেকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
