খাগড়াছড়িতে ছুরিকাহতের ১৪ দিন পর ছেলের মৃত্যু, বাবা পলাতক
গত ২০ মে রাতে শাহিনকে ছুরিকাঘাত করা হয়; এরপর থেকে সে চট্টগ্রাম মেডিকেলে ১০ দিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে।
খাগড়াছড়ির দীঘিনালায় ছুরিকাঘাতে আহত এক কিশোর ১৪ দিন পর মারা গেছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা পলাতক।
শনিবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী গ্রামে নিজ বাড়িতে সে মারা যায় বলে দীঘিনালা থানার এসআই প্রেমানন্দ মণ্ডল জানান।
নিহত ১৪ বছর বয়সি শাহিন আলম ওই গ্রামের মো. হানিফের ছেলে।
এ ঘটনায় নিহতের মামা হাবিবুর রহমান বাদী হয়ে শাহিনের বাবা ও অজ্ঞাতনামা একজনকে আসামি থানায় মামলা করেছেন।
কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বলেন, প্রায় ১০ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন হানিফ। শাহিন হানিফের প্রথম স্ত্রীর সন্তান।
“মায়ের সঙ্গে বিচ্ছেদ হলেও শাহিন তার বাবার সঙ্গেই থাকত। শাহিনের ভরণ-পোষণ নিয়ে পরিবারে ঝামেলা লেগেই থাকত।”
ওই ইউপি সদস্য আরও বলেন, “এরই জেরে গত ২০ মে রাতে উপজেলার নকশীপল্লী রেস্টুরেন্টের পাশে শাহিনকে ছুরিকাঘাত করেন হানিফ। চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে হানিফ ও তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় একজনকে পালিয়ে যেতে দেখেন এলাকাবাসী।”
পুলিশ জানায়, শাহিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ দিন চিকিৎসার পর তাকে বাড়িতে নেওয়া হয়। শনিবার রাতে শাহিন মারা যায়।
নিহতের মা শাহানা আক্তার (৩৮) বলেন, “আমার ছেলে অবুঝ। ওরে কেন মেরে ফেলল? এতো চিকিৎসা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না। আমি ছেলে হত্যার বিচার চাই।”
খবর পেয়ে পুলিশ শাহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মামলার কথা জানিয়ে এসআই প্রেমানন্দ বলেন, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
