সাড়ে ১৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হত্যার পরদিন সবুজ সপরিবারে ঢাকার সাভারের ডগরমুরায় তার বাবার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। এরপর বিভিন্ন ছদ্মনামে নানা জায়গায় অবস্থান করেন।
কুমিল্লার লাকসামে তিন ব্যবসায়ী খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন খুনের বিস্তারিত জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
রোববার রাতে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেওয়াজ শরীফ রাসেল ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়।
সবুজ কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের সেলিম মিয়ার ছেলে।
মামলার নথির বরাতে মেজর মোহাম্মদ সাকিব বলেন, ২০০৭ সালের ৬ জানুয়ারি রাতে সবুজসহ তার কয়েকজন সহযোগী ডাকাতির উদ্দেশ্যে জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার বদির পুকুরপাড় সংলগ্ন একটি জঙ্গলে ওৎ পেতে থাকেন। ওই রাতে এ পথে স্থানীয় শ্রীয়াং বাজারের কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ, পরীক্ষিত দেবনাথ ও পান ব্যবসায়ী বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন।
এ সময় ওৎ পেতে থাকা সবুজ ও তার সহযোগীরা ওই তিনজনকে ঘিরে ফেলে মারধর করে এক হাজার ৪০০ টাকা লুটে নেয়। এ সময় ব্যবসায়ী উত্তম দেবনাথ ডাকাত সদস্য সবুজ ও তার সহযোগীদের চিনে ফেলেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নালিশ করার হুমকি দেন। এতে সবুজ ও তার সহযোগীরা তিন ব্যবসায়ীকে পাশের একটি মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলাকেটে হত্যা করেন।
ঘটনার পরদিন নিহত বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন বাদী হয়ে লাকসাম থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত অভিযুক্ত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর চার আসামি হলেন- লাকসাম শ্রীয়াং এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান, ইয়াকুব আলীর ছেলে শহীদুল্লাহ, আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন ও মোহাম্মদ উল্লাহর ছেলে স্বপন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুর রহমান, শহীদুল্লাহ ও ফারুক হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অপর আসামি স্বপন এখনও পলাতক।
র্যাবের ভাষ্য, লাকসামের চাঞ্চল্যকর ওই তিন খুনের অন্যতম হোতা ডাকাত সদস্য নেওয়াজ শরীফ রাসেল ওরফে সবুজ দীর্ঘ সাড়ে ১৫ বছর ছদ্মনাম ও পরিচয়ে ঢাকার সাভার, কমলাপুর ও সর্বশেষ কুমিল্লার বরুড়ায় আত্মগোপনে ছিলেন।
মেজর সাকিব আরও বলেন, আসামি সবুজ জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে জানান, ঘটনার পরদিন সকালে তিনি সপরিবারে ঢাকার সাভার উপজেলার ডগরমুরা এলাকায় তার বাবার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর থেকে সবুজ একেক সময় একেক স্থানে নাম পরিবর্তন করে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েন।
“২০২০ সাল থেকে সবুজ জেলার বরুড়ায় তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস ও রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছিলেন। গত এক বছর ধরে বাসের হেল্পারি শুরু করেন।”
সবুজকে গ্রেপ্তার করে লাকসাম থানায় হস্তান্তরের পর সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
