Published : 30 Aug 2026, 04:37 PM
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীন রোগীদের কথা শুনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এ সময় হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পারেন মন্ত্রী।
পরে হাসপাতাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন তিনি।
রোববার সকাল ৯টার দিকে আকস্মিক চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা, খাবার ও ওষুধের বিষয়ে খোঁজ নেন। হাসপাতালের শৌচাগার ও পরিচ্ছন্নতার অবস্থাও দেখেন তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান মন্ত্রীর সঙ্গে ছিলেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
এ ছাড়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাইনি চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ওসি মোহাম্মদ শফর আলীও সেখানে উপস্থিত হন।