Published : 22 May 2026, 01:31 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত তারাব বাজার এলাকায় এ সংঘর্ষ চলে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) মেহেদী ইসলাম।
তিনি বলেন, “মাদক ব্যবসা ও অপরাধী কার্যক্রমের জন্য অভিযুক্ত শ্রাবণ ও নাজমুলের নেতৃত্বে দুই কিশোর গ্যাংয়ের সদস্যরা এ সংঘর্ষে জড়ায়।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।”
স্থানীয়দের বরাতে পুলিশ বলেছে, তারাব বাজার এলাকার মাদক ব্যবসার একটি অংশ নিয়ন্ত্রণ করে শ্রাবণ। তার নেতৃত্বে ওই এলাকায় 'কিশোর গ্যাং' সক্রিয়। গতবছর শ্রাবণ গ্রেপ্তার হলে এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নাজমুল। কয়েক দিন আগে জামিনে শ্রাবণ বেরিয়ে আসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় তারা সংঘর্ষে জড়ায়।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।
তবে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তারা গুলির আলামত এখনো পাননি।
“এ ঘটনায় পুলিশের কেউ আহত হননি। দুইপক্ষের কেউ আহত হয়েছেন কিনা, তা নিশ্চিত নই।”
ওসি বলেন, “সংঘর্ষে জড়ানো দুপক্ষের লোকজনকেই গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে মাদকবিরোধী অভিযানও চালানো হবে।”