১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল পতাকা
রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।
১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ও সমর্থক সকাল ৬টার দিকে পতাকা উত্তোলন করেন।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ ঘটনার ছবি ছাত্রনেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তারপরই কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানাজানি হয়।
এ ব্যাপারে জানতে বিকালে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “রোববার সকালে কে বা কারা পতাকা উত্তোলন করেছে বলে জানতে পেরেছি। আমরা এটি চিহ্নিত করার চেষ্টা করছি।”
