২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় জমি চাষ নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। 

এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান। 

এ ঘটনায় আহতরা হলেন- পালগাঁও গ্রামের আব্দুল আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২), জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও রিনা আক্তার (৫০)। 

পুলিশ জানায়, তিন-চার দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ নিয়ে পালগাঁও ও নলজুীর গ্রামের কৃষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ক্ষোভ রয়ে যায়। 

এরই জের ধরে সকালে উভয় গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।