কুমিল্লায় বিএনপি ও ‘বিদ্রোহী’র সমর্থকদের সংঘর্ষে আহত ১০
আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রচারের প্রথম দিনই কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোমনা বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া। অপরদিকে ‘বিদ্রোহী’ হিসেবে এম এ মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এম এ মতিনের সমর্থক তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভুঁইয়া বলেন, “আমরা প্রচারের জন্য হোমনা শ্রীমদ্দি যাচ্ছিলাম। যাওয়ার পথেই আমাদেরকে আক্রমণ করা হয়। ধারালো অস্ত্র ও ইট-পাটকেল মেরে গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বহরের সামনে থাকা দুটি গাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “বিএনপি প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি।
হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম বলেন, ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
