ময়মনসিংহে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আওয়ামী লীগ নেতা নিহত
“অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।”
ময়মনসিংহে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কার পর এক আওয়ামী লীগ নেতার প্রাণ গেছে।
নিহত ফজলুল করিম রতন (৫৫) ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের আব্দুল বারেক মাস্টারের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার রাত ১০টায় গৌরীপুরের গাজীপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ জানান।
শুক্রবার বেলা ৩টায় ফজলুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা বলছে, ময়মনসিংহ থেকে মোটরসাককেলে করে ঈশ্বরগঞ্জে ফিরছিলেন ফজলুল। পথে গাজীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।
জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর বলেন, “ফজলুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।”
