২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও বানাতে সেতু থেকে নদীতে লাফ, কলেজ ছাত্র নিখোঁজ

নিরব রায় উৎস রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সেতু থেকে নদীতে লাফ দিয়ে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ২৪ ঘণ্টা পরেও তার মরদেহ উদ্ধার করা যায়নি।

শনিবার বিকালে বন্ধুদের সঙ্গে মহিপুর তিস্তা সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন বলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান। 

নিখোঁজ নিরব রায় উৎস (১৮) নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। তিনি রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকাল ৪টায় উৎসসহ তার সাত বন্ধু নদীপাড়ে ঘুরতে আসেন। তারা এক মেসে থাকেন। বিকাল ৫টার দিকে ভিডিও কনটেন্ট তৈরির জন্য শাকিল, নিরব ও রূপম সেতু থেকে নদীতে লাফ দেন।

এদের মধ্যে শাকিল ও রূপম কয়েক মিনিটের মধ্যে সাঁতরে উঠতে পারলেও নিরব তলিয়ে যান। বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

দুর্ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “ভিডিও কন্টেন্ট তৈরির জন্য নিজের জীবন বিপন্ন হয় এ রকম ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে তরুণদের বিরত থাকতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”