কাপ্তাইয়ে ছাত্রলীগের ৪ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
হামলাকারী সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন আহত এক যুবকের ভাই।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ছাত্রলীগের চার নেতাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
তারা জানান, হত্যা মামলায় জামিনে আসা সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হাতুড়ি দিয়ে মারধর করেন।
খবর পেয়ে ছাত্রলীগের রনি, রাফি, তুষার বাঁচাতে এলে তাদেরও মারধর ও কুপিয়ে রক্তাক্ত করা হয়।
পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত চারজনই চন্দ্রঘোনা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা।
স্থানীয়রা জানান, এ ঘটনায় নেতৃত্ব দেওয়া যুবদল কর্মী সোহেল হত্যা মামলার আসামি। তিনি জামিনে বের হয়ে এলাকায় রয়েছেন।
আহত আজিমের বড় ভাই মিজান বলেন, “আমার ভাই আগে রাজনীতি করত, এখন সক্রিয় না। তাকে কোনো কারণ ছাড়াই বিএনপির সোহেলের নেতৃত্বে কয়েকজন বাসায় ফেরার পথে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে। তার সারা শরীরের আঘাতের চিহ্ন। আমার ভাইকে উদ্ধার করতে যাওয়া কয়েকজনকেও মারধর করেছে তারা।”
হামলাকারী সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
তবে চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন বলেন, “আমি নামাজ পড়ে বাসায় আসার পর একটি ঘটনার কথা শুনেছি, বিষয়টি দুঃখজনক। চন্দ্রঘোনায় আমরা এমন ঘটনা চাই না। ওখানে আসলে কী হয়েছে আমি বিস্তারিত জানি না।“
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন বলেন, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে গেছি। চন্দ্রঘোনা সিনেমা হল এলাকায় দুই দল ছেলের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। সেখানে গিয়ে দেখি, মিছিলও করতেছে একটি পক্ষ। যারা মারামারি করেছে, তারা আমাদের দলের কোনো পদে নাই।”
মিছিলকারীরা বিএনপির স্লোগান দেওয়ার প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, “ভাইরে, এখন সবখানে সবাই বিএনপি! এমন অনেককে বিএনপির মিছিল করতে দেখতেছি, যাদের আমরাও চিনি না।”
এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ ইসলাম জানান, “কেপিএম এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগের একটি মারামারি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। পরে বিস্তারিত বলা যাবে।”
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, “আমি খোঁজ নিয়ে জেনেছি, যার বিরুদ্ধে অভিযোগ, সে এক সময় আমাদের দল করলেও কোনো পদে নাই। আমরা যেকোনো হামলা ও নৃশংসতা, চাঁদাবাজিসহ সব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কেন্দ্রীয় নির্দেশনা ইতোমধ্যেই নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাথে সাথেই বহিষ্কার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
